মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

জ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টায় মনিসিংহ-ফরহাদ ট্রাস্টের মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশবরেণ্য ইতিহাসবিদ প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ।

আলোচকগণ বর্তমানে দেশে এখন পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে তেমন কোন আয়োজন না থাকায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন এবং দেশ যে আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার উল্টোরথে চলছে তা থেকে কীভাবে দেশ ও জাতিকে সঠিক পথে ধাবিত করা যায় সে বিষয়ে বিশ্লেষণী বক্তব্য প্রদান করেন।

এম এম আকাশ এই পরিস্থিতির জন্য আমাদের দায় ও উত্তোরণের উপায় সম্পর্কে বলতে গিয়ে বলেন আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হলে আমাদের কৃষক সমাজের উপর নির্ভর করা ছাড়া গত্যন্তর নেই।

রাশেদা কে চৌধুরী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় ত্রিমুখী ধরণ পরিবর্তন করে একমুখী করতে না পারলে এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় নেই।

প্রফেসর মামুন বলেন, ১৯৫২ সালের ভাষাসৈনিকগণ যে আত্মপরিচয় প্রতিষ্ঠার শপথ করেছিলেন তার বাস্তবায়ন করেছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধারা। বর্তমান পরিস্থিতি থেকে জাতীয় ইতিহাস-ঐতিহ্যকে রক্ষা করতে হলে সেই একই শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।

প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করে বলেন যে বিগত বছরগুলোতে আমরা জাতিগঠনে মনোযোগ দিতে পারিনি বলেই বর্তমানে উল্টোরথে চলছে দেশ। তিনি এবছর সম্মিলিত সামাজিক আন্দোলনই একমাত্র সংগঠন যারা এধরণের আয়োজন করেছে বলে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ।

আলোচনা সভায় সংযুক্ত ছিলো খেলাঘর, আনন্দনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।