পোরশায় ৯বছর ধরে সহকারী শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রেখেছেন প্রধান শিক্ষক

ডিএম রাশেদ, পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
পোরশায় ৯বছর ধরে সহকারী শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রেখেছেন প্রধান শিক্ষক

ওগাঁর পোরশা উপজেলার এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) জহুরুল ইসলামের বেতন-ভাতা ৯বছর ধরে বন্ধ রেখেছেন প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম বুলবুল। প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

জানা গেছে, সহকারী শিক্ষক জহুরুল ইসলামকে ৯বছর আগে ২০১৭সালের জানুয়ারীতে বেতন-ভাতা বন্ধ করে স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেন প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম। প্রধান শিক্ষকের দলীয় দাপটের কারণে সহকারী শিক্ষক জহুরুল কোন প্রতিবাদ পর্যন্ত করতে পারেননি। বিভিন্ন সময়ে জহুরুল ইসলাম প্রশাসনিকভাবে লড়াই করলেও বেতন-ভাতা ফেরত পেতে কোন ফল পাননি।

সর্বশেষ চলতি বছরের ১২জানুয়ারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি.এম. আব্দুল হান্নান ও মাধ্যমিক-২ এর সহকারী পরিচালক এসএম মোসলেম উদ্দিনের স্বাক্ষরিত প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে দেওয়া চিঠিতে সহকারী শিক্ষক জহুরুল ইসলামের বেতন ভাতাদি ছাড়করণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু ঐ নির্দেশনার ৩সপ্তাহ পার হয়ে গেলেও আজ পর্যন্ত বেতন ভাতা ফিরে পাননি সহকারী শিক্ষক জহুরুল ইসলাম।

উপাই না পেয়ে তিনি গত ২৫জানুয়ারী পোরশা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ইএফটি’তে অন্তর্ভুক্তকরণসহ দশম গ্রেডে উন্নতি করনের নির্দেশনা চেয়ে লিখিত আবেদন করেছেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষক জহুরুল ইসলাম বলেন, ৯বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় আমি এখন নি:স্ব। আমার পরিবার নিয়ে অর্থাভাবে খেয়ে না খেয়ে দিন পার করছি।

এ ব্যাপারে আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুলকে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, আমি লিখিত আবেদন পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। এলাকাবাসীর পক্ষ থেকে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে নিয়মিত না আসার অভিযোগও তিনি পেয়েছেন বলেও জানান। ওই বিষয়টিও তদন্তনাধীন অবস্থায় রয়েছে বলেও তিনি জানান।