ভোলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১শ’ ৩১টি, থাকছে বাড়তি নিরাপত্তা

শরীফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
ভোলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১শ’ ৩১টি, থাকছে বাড়তি নিরাপত্তা

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার ৪টি সংসদীয় আসনে ৫শ’ ২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১শ’ ৩১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৫শ’ ২৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা-১ (সদর) আসনে ১শ’ ১৪টি, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১শ’ ৩৮টি, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ১শ’ ১৯টি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১শ’ ৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রের মোট ৩ হাজার ৬শ’ ২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি ভোলা-৩ আসনে। এ আসনের ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে তজুমদ্দিন উপজেলায় ৩৬টি এবং লালমোহনে ১৪টি। ভোলা-২ আসনে মোট ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে। যার মধ্যে দৌলতখানে ২৫টি। এছাড়া ভোলা-৪ আসনে চরফ্যাশনে ১৬টি ও মনপুরায় ১১টি এবং ভোলা-১ সদর আসনে ২২টি কেন্দ্র ঝুকিপূর্ণের তালিকায় রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখে নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন।