কুড়িগ্রামের চার আসনে ১১ জোটের বিজয়-বিএনপির ভরাডুবি

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
কুড়িগ্রামের চার আসনে ১১ জোটের বিজয়-বিএনপির ভরাডুবি

ুড়িগ্রামের চারটি সংসদীয় নির্বাচনী আসনে ১১ দলীয় জোটের বিজয়ে বিএনপির ভরাডুবি হয়েছে। এ জেলায় একটি আসনেও জয় ছিনিয়ে আনতে পারেনি বিএনপির প্রার্থীরা।

চারটি আসনের ৩ টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১ টিতে জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

জামায়াত জোটের বিজয়ীচার প্রার্থীরা হচ্ছেন,নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট।

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ২ আসনে জামায়াত জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মোজাহিদ শাপলা কলি প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট।

শুধুমাত্র উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫ হাজার ১৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৩ ভোট।

চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে আপন দুই ভাইয়ের লড়াইয়ে বিজয়ী হয়েছেন ছোট ভাই জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই আপন বড় ভাই ও বিএনপি প্রার্থী মো. আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট।