চাঁদপুরে কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
চাঁদপুরে কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

াঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো কাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা এসবের সঙ্গে একটি চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

ভুক্তভোগী চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে তিনি প্রতিবেশীদের ডাকেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে। কে বা কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

মফিজুল ইসলাম আরো বলেন, তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মতলব উত্তর থানা থেকে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, আজ দুপুরে ওই চেয়ারম্যান থানায় এসে সাধারণ ডায়েরী (জিডি) করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।