কালিয়াকৈরে মাদকের ভয়াল ছোবলেই বলি হলেন বাবা,পলাতক ঘাতক ছেলে

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
কালিয়াকৈরে মাদকের ভয়াল ছোবলেই বলি হলেন বাবা,পলাতক ঘাতক ছেলে

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা খুনের রেশ কাটতে না কাটতেই এবার কালিয়াকৈরেও একইভাবে খুন হলেন আরেক বাবা। বাবাকে নৃশংস্যভাবে খুনের পর পালিয়ে গেলেন মাদকাসক্ত ছেলে। গতকাল সোমবার রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, মাদকের ভয়াল ছোবলেই ছেলের হাতে বলি হলেন তার বাবা।

নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকার ইন্দ্রমোহনের ছেলে লবলাল চক্রবর্তী (৫৭)।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার ভোর ৫টার দিকে গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার দাবিসহ পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে তার বাবা আব্দুস সামাদ (৫৫) খুন হয়েছেন। ওই উপজেলার সাইটালিয়া এলাকায় এ নৃশংস্য হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। এই হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই একদিন পরই সোমবার রাতে পাশর্^বর্তী উপজেলা কালিয়াকৈরেও একইভাবে ছেলের হাতে খুন হন তার বাবা লবলাল চক্রবর্তী।

সোমবার রাতে উপজেলার চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তার ঘাতক ছেলের নাম অর্ণব চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে ৩ থেকে ৪ বার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি রেখে চিকিৎসা করান পরিবারের সদস্যরা। তারপরও মাদক থেকে তাকে বিরত রাখা যায়নি। এমন কি মাদক সেবনের জন্য টাকা না পেলে প্রায়ই তার বাবাকে মারধর করতেন মাদকাসক্ত ছেলে অর্ণব।

এর ধারাবাহিকতায় ওইদিন রাত ৭টার দিকে মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা-পয়সা চান অর্ণব। ওই টাকা দিতে অস্বীকৃতি জানান তার বাবা লবলাল। এতেই যেন কাল হলো তার। মাদক সেবনের জন্য টাকা না পেয়ে লাঠি দিয়ে তাকে আঘাত করেন মাদকাসক্ত ছেলে অর্ণব। এতে মাটিতে লুটিয়ে পড়েন তার বাবা লবলাল এবং ঘটনাস্থলেই তিনি মারা যান বলে এলাকাবাসী ও পরিবারের অভিযোগ।

বাবার মৃত্যুর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক ছেলে অর্ণব। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এলাকাবাসীর অভিযোগ, হাত বাড়ালেই মিলছে মাদক। আর মাদকাসক্ত হয়ে পড়ছেন শিশু, কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী নারী-পুরুষ। এই মাদকের ভয়াল ছোবলেই মাদকাসক্ত ছেলেদের হাতে বলি হলেন তাদের বাবারা। তবে মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আরো কার্যকর ভুমিকা পালনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ চান এলাকাবাসী।

স্থানীয় ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী জানান, দীর্ঘদিন ধরে অর্ণব মাদকাসক্ত। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। আজকে মাদকের ভয়াল ছোবলেই ছেলের লাঠির আঘাতে তার বাবার এমন নৃশংস্য মৃত্যু হলো।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পলাতক ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

Ads