নারায়নগঞ্জে করা মামলার আসামী ধরতে এসে নীলফামারীর সৈয়দপুরে পিবিআইয়ের টিমকে বেধরক মারধর করে আসামি ছিনতাই করা হয়েছে। একই সাথে পিবিআই এর ব্যবহার করা মাইক্রোবাস ভাঙচুর করা হয়। ওই সময় পিবিআই টিমের দুজন সদস্য গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া আসামী সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা মহসিন আলী মন্টু। শহরের খালেদ মার্কেটে গার্মেন্টস ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যুরো অব ইনভেস্টিগেশনের ( পিবিআই) একটি টিম নারায়নগঞ্জ থেকে সৈয়দপুরে আসেন প্রতারনা মামলার আসামীকে গ্রেফতার করতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আসামীকে পেয়েও যায় পিবিআই টিম। আসামীকে আটক করে মাইক্রোবাসে তোলার সময় ওই আসামী ভুয়া ডিবি পুলিশ বলে মব সৃষ্টি করলে সাধারন জনতা আটক ব্যবসায়ী মন্টুকে উদ্ধারে ছুটে আসে। এতে হামলার শিকার হয় পিবিআই টিম সদস্যরা।

এরপর সাধারন জনতা ভুয়া ডিবি পুলিশ ভেবে পিবিআই এর মাইক্রোবাসটি ভাংচুর ও পিবিআই সদস্যদের আটক করে মারধর করে আসামি ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ পিবিআই সদস্যদের উদ্ধার সহ ভাংচুর করা মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা থানার একটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সৈয়দপুর থানা এলাকায় এসে মহসিন নামে এক আসামীকে আটক করে।

এসময়ে আটক ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করে মব সৃস্টি করলে আশেপাশের লোকজন এসে তাদের মারধর করে।একই সাথে পিবিআইয়ের মাইক্রোবাস ভাংচুর করে আসামি ছিনিয়ে নেয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিবিআইয়ের গাড়ী চালক সহ চার সদস্যের টিম ও গাড়ীটি উদ্ধার করা হয়।

এ সময় আহত পিবিআই টিমের দুই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। যারা আসামীকে ছিনিয়ে নিতে পিবিআই সদস্যদের আহত করেছে এবং গাড়ী ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামীকেও ধরার অভিযান জোরদার করা হয়েছে বলে জানান তিনি।