পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কারাবন্দিদের ভোট প্রদানের সুযোগ রয়েছে। তবে এ নিয়ে আগ্রহ দেখায়নি সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দিরা। বর্তমানে কারাগারে ১ হাজারের অধিক কারাবন্দি থাকলেও মাত্র ১২ জন পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন।
এদিকে, জেলার ৬টি সংসদীয় আসনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা মোট ২১ হাজার ১৪২ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া গত ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়।
সিরাজগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার রায় বলেন, নির্ধারিত সময়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার জন্য কারাগারে থাকা বন্দিদের রোল কলে বিষয়টি অবগত করা হয়েছিল। কিন্তু তাদের মধ্য থেকে মাত্র ১২জন বন্দি নিবন্ধন করেছেন। এরমধ্যে ১১জন সিরাজগঞ্জের এবং ১জন টাঙ্গাইলের বাসিন্দা নিবন্ধন করেছেন। কারাগারের বন্দির সংখ্যা প্রতিনিয়ত উঠানামা করে। বর্তমানে কারাগারে ১ হাজারের অধিক কারাবন্দি রয়েছেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, নিবন্ধনের নির্ধারিত সময়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন কারাগারে থাকা সিরাজগঞ্জ জেলার বসতি মোট ৫৫ জন কারাবন্দি নিবন্ধন করেছেন। এরমধ্যে সিরাজগঞ্জ কারাগারে থাকা নিবন্ধনকৃত বন্দির সংখ্যা মাত্র ১২জন।
এদিকে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে মোট ২১ হাজার ১৪২জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রবাসী, দেশের অভ্যন্তরে থাকা চাকুরীজীবি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আনসার ও ভিডিপির সদস্য এবং কারাবন্দিরা রয়েছেন।
তিনি আরো বলেন, নিবন্ধনকৃত ভোটারদের মধ্যে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারের সংখ্যা আলাদা করা সম্ভব হয়নি। তবে নির্বাচন এলাকায় সরবরাহকৃত ভোটার তালিকায় পোস্টাল ব্যালটে নিবন্ধনকৃত ভোটারের নামের পাশে বিশেষ চিহৃ দেওয়া আছে।
পোস্টাল ব্যালটে আসনভিত্তিক নিবন্ধন অনুযায়ী, সিরাজগঞ্জ-১ আসনে ২ হাজার ৯৬ জন, সিরাজগঞ্জ-২ আসনে ৩ হাজার ৮৪৫ জন, সিরাজগঞ্জ-৩ আসনে ২ হাজার ৮৭৫ জন, সিরাজগঞ্জ-৪ আসনে ৪ হাজার ১৯৫ জন, সিরাজগঞ্জ-৫ আসনে ৩ হাজার ৬৪৯ জন এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৪ হাজার ৪৮২ জন ভোটার নিবন্ধন করেছেন বলে জানান এই কর্মকর্তা।