দিনাজপুরে জেলার বিরামপুর উপজেলায় রাস্তার পাশ থেকে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

স্থানীয়রা আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়নের ধানজুড়ি ও সন্দলপুর গ্রামের মধ্যবর্তী পাকা রাস্তার পাশে বন বিভাগের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি বিরামপুর থানা পুলিশকে অবহিত করেন।

নিহত ব্যক্তি বাবুল হোসেন (৪৭), তিনি মাগুরাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিন মন্ডলের ছেলে। পেশায় তিনি আটো চার্জার চালক ছিলেন। জানা গেছে, তিনি বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

নিহত বাবুল হোসেনের শ্বশুর বাড়ি বেগমপুর গ্রামের লোকজন জানন, গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে বাবুল প্রতিদিনের ন্যায় অটো চার্জার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাতে বাড়ি ফিরেনি। সকালে লোকমুখে জানতে পারি। কে বা কাহারা খাঁনপুর ইউনিয়নের ধানজুড়ি এলাকায় তাঁকে মারে ফেলে রেখে তাঁর অটো চার্জারটি নিয়ে গেছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে ছিল লুঙ্গি ও সাদা-কালো রঙের একটি সুইটার। তাঁর এক পায়ে জুতা ছিল।

প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, অটো চালকের নিহতের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে তদন্ত অব্যাহত রয়েছে।