ময়মনসিংহের হালুয়াঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে সর্বশেষ নির্বাচনী জনসমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এই নির্বাচন রাষ্ট্রকে নতুনভাবে গড়া ও জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ধানের শীষেই মুক্তি, গণতন্ত্র ও জনগণের ভাগ্য ফেরানোর একমাত্র পথ।
তিনি আজ (৯ ফেব্রুয়ারী) হালুয়াঘাট পৌরশহরের হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণকালের বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রিন্স বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া আজ অবহেলার প্রতীক। পাহাড়ী ঢলে বন্যায় বিস্তীর্ণ জনপদ হয় প্লাবিত, সীমান্ত অরক্ষিত, কৃষক ন্যায্য দাম পায় না, আর তরুণ সমাজ বেকার হয়ে ভবিষ্যৎ হারাচ্ছে, দরিদ্রতা কুড়ে কুড়ে খাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ ও পাহাড়ী ঢলে প্রতিবন্ধকতা না থাকায় প্রতি বছর কৃষকের স্বপ্ন পানিতে ডুবে যায়। সবাই প্রতিশ্রুতি দিয়েছে , কিন্তু মাঠে কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। রাস্তা-ঘাট, কৃষি, সীমান্ত এলাকার নিরাপত্তা, কর্মসংস্থান সব ক্ষেত্রেই বৈষম্য করা হয়েছে। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলে হালুয়াঘাটকে একটি বৈষম্যমুক্ত, পরিকল্পিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষিত বেকারদের এক বছরের জন্য ‘বেকার ভাতা। হালুয়াঘাট ও ধোবাউড়ায় কল কারখানা স্থাপন ও বেকারত্বের অবসানে উদ্যোগ গ্রহণসহ প্রতিটি ইউনিয়নের সরকারি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।
শ্রমিক ও গারোদের এলাকায় হাসপাতাল স্থাপন ,নিম্ন আয় ও কর্মহীন মানুষের আর্থ সামাজিক উদ্যোগ, মহিলাদের জন্য কুটির শিল্প, তাঁত শিল্পের উদ্যোগ। নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং নারী নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি সচল, জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।
প্রিন্স অভিযোগ করে বলেন, অতীতে সীমান্ত এলাকা হালুয়াঘাট ও ধোবাউড়াকে অবহেলিত রেখে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। কৃষক ফসলের ন্যায্য দাম পায় না, তরুণরা বেকার, আর সাধারণ মানুষ দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের রায় চাইছে। ধানের শীষে বিজয় মানেই গণতন্ত্র ও জনগণের বিজয়।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো পৌর শহর ।
সমাবেশে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, প্রমুখ বক্তব্য রাখেন।