ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারীভাবে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত বিডিপি’র ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈম এর থেকে ৯৬১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে মেজর হাফিজ ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) মোট ভোট কেন্দ্র ছিল ১শ’ ১৯টি। এজেন্ট ও অসমর্থিত সূত্রের ফলাফলে বেসরকারী ভাবে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ৫১ হাজার ৭শ ৭৪ ভোট এবং ফুলকপি প্রতীকে পেয়েছে ৫৫ হাজার ৬শ ৬০ ভোট। ভোলা-৩ আসনে ভোট প্রদানের হার ৫৮%।

উল্লেখ্য, ভোলা-৩ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫শ’ ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪শ ৯৯ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৮ হাজার ৪৮ জন এবং হিজড়া ভোটার ৩ জন। এই আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিজয় প্রতিক্রিয়ায় মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকবো।