ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরে ভারত সীমান্ত ঘেঁষা বৃহত্তর দিনাজপু (পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর) এই তিনটি জেলার ১১টি আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ সব আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীরা।
বৃহত্তর দিনাজপুরের এ তিনটি জেলাগুলোর সংসদীয় আসন হচ্ছে-
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে মো. আবদুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান বিজয়ী হয়েছে।
পঞ্চগড় : পঞ্চগড়-১ আসনে মুহাম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর : দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনে সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনে আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৬ আসনে আবু জাফর মো. জাহিদ নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপির দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিএনপির বিদ্রোহী) এ জেড এম রেজওয়ানুল হক বিজয় অর্জন করেছেন। তবে একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় স্থানীয় রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ করেছে।
বৃহত্তর দিনাজপুর জেলার ১১টি আসনের মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের প্রার্থীর চেয়ে প্রায় ৯৬ হাজার ৮৬৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
এই হেভিওয়েট প্রার্থী বিএনপির মহাসচিব এ আসনে বড় ব্যবধানে জয় ছিল অনেকটা প্রত্যাশিত। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জয় দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘিরে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন।আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।