ভোলার চরফ্যাশনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আবদুর রহিম ওরফে ভুট্টো সৈয়াল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের এই ঘটনা ঘটে। নিহত ভুট্টো সৈয়াল উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আতরজ্জমা ছৈয়ালের পুত্র।
এলাকা সূত্রে জানা যায় শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ভুট্টো সৈয়াল রসুলপুর ইউনিয়নের কলের হাট রাস্তা মাথা থেকে বাড়িতে ফেরার পথে চরফ্যাশন -দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কে পূর্ব থেকে ওৎপেতে থাকা সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এতে ভুট্টো সৈয়াল অজ্ঞান হয়ে মহাসড়কের পূর্ব পার্শ্বের ডোবায় পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা দেখে ডাক চিৎকার করলে বাড়ী থেকে তার পরিবারের লোকজন এসে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।