ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৭ ফেব্রুয়ারী রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে ওই পরিমান ইয়াবা টেবলেট সহ যুবককে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিদর্শক সাকিব সরকার জানান,, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-১৯০৬) ই-১ নম্বর সিটে বসা যাত্রী মোঃ মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯)-এর দেহ ও তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়।
প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোশারফ হোসেনের বাবার নাম মোস্তফা কামাল। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা।
উপপরিদর্শক সাকিব সরকার জানান, আটক ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।