সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে ১০ মণ ঘোড়ার মাংস পাচারের সময় জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় দুইজনকে আটকের পর দুই মাসের কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার সকালে উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের মৃত আরজউল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, চরাঞ্চলে ৮টি ঘোড়া জবাই করে প্রায় ৪০০ কেজি মাংস বিক্রির জন্য পিকআপে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পরিবহনের সাথে জড়িত দুইজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা করা হয়। এছাড়াও জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: আব্দুল আহাদ, কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ও কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।