গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি মৎস্য খামারে ভাসছিল এক যুবকের লাশ। রবিবার সকালে ওই মহাসড়কের উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
তবে তার পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রবিবার সকালে জালাল উদ্দিনের একটি মৎস্য খামারে এক লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে তার ফোর্স সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই মৎস্য খামারে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর।
নিহতের মুখে হাল্কা দাড়ি ও গোফ এবং তার পরনে ছিল কলার ওয়ালা হাফ হাতা নেভি ব্লু রংয়ের গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তবে এখনো মৃত্যুর কারণ জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।