বগুড়ার নন্দীগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামীর জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এ সমাবেশ নারী নেতাকর্মীদের ব্যাপক সাড়া দেখা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা অনুুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তি চালু করে নারীর শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা নারীর অংশগ্রহণ ছাড়া পূর্ণতা পায় না। সমাবেশটি সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, নারীরা এখন আর দর্শক নয়—তারা দেশের রাজনীতি, গণতন্ত্র ও অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য সরবরাহ করা হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা খাতুন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলোকজান্ডার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মাঠে জড়ো হন। ধীরে ধীরে সমাবেশস্থল উপচে পড়া নারী জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত নারীদের স্লোগান, উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো কলেজ মাঠ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।