কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন,কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উলিপুর মসজিদুল হুদার সামনে চৌরঙ্গি মোড় থেকেএ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় উলিপুর পৌর শহরের বিভিন্ন সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড়, গুনাইগাছ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণসমূহ এ পরিচ্ছন্ন কার্যক্রমে আনা হয়। এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিচ্ছন্নতা কর্মী।

এসময় সংসদ সদস্য সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং পাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।

একই সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং দীর্ঘ মেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি কার্যকর ভূমিকা রাখবে।