নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় মোটরসাইকেল চুরির সময় এক চোরকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তির নাম মশিউর রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টায় কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ির দরজার সামনে রাখা ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (লাল-কালোরঙ) চুরির চেষ্টা করেন মশিউর রহমান। সন্দেহ হলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেল চুরি রবিষয়টি স্বীকার করেন।

এ সময় অভিযুক্তের কাছ থেকে ১২ প্যাকেট ইয়াবা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে সৈয়দপুরে এসে মোটরসাইকেল চুরির চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে।

চুরি হওয়া মোটরসাইকেলের মালিক শাহিন আলম (৩০) জানান, সকালে আমার এক ভাইকে স্কুলে রেখে গাড়ি বারান্দায় রাখি। একটু পড়ে সে মোটরসাইকেল অচেনা এই লোক নিয়ে যাচ্ছিল যা আমার বড় ভাই দেখে ফেলে আটক করে।

দুপুরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় মোটরসাইকেল চুরি ও মাদক আইনে পৃথক মামলা দায়র করা হয়েছে বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।