পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভাধীন বোদা নগরকুমারী গরুর হাটে গরু-ছাগলের টোল বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন করেছেন গরু ব্যবসায়ী ও স্থানীয়রা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বোদা নগরকুমারী গরুর হাট প্রাঙ্গণে সকল গরু ব্যবসায়ী, বিক্রেতা ও সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বোদা পৌরসভার প্রস্তাবিত টোল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- গরু ব্যবসায়ী আসাদুল ইসলাম, আব্দুর রহমান, আজিজুল, হরিমোহন, নুরুজ্জামান ও লিটন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নগরকুমারী গরুর হাটে গরু ও মহিষপ্রতি ৪০০ টাকা এবং ছাগল-ভেড়াপ্রতি ১৫০ টাকা টোল নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি নতুন করে গরু ও মহিষপ্রতি ৬০০ টাকা করে এবং ছাগল-ভেড়াপ্রতি ২০০ টাকা টোল নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবরে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। বক্তারা নতুন করে যেন টোল বৃদ্ধি করা না হয় সেই জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্যবসায়ী সহ স্থানীয়রা জানান, বর্তমান ৪০০ টাকা টোল দিতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে আবার টোল বাড়ানো হলে তারা ক্ষতির মুখে পড়বেন। নতুন করে টোল বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন গরু ব্যবসায়ী ও স্থানীয়রা।