নীলফামারীর সৈয়দপুরে জমে উঠেছে ইফতার বাজার। বিকেল ৩টার পর থেকে সবশ্রেণির মানুষ সুস্বাদু ইফতার সামগ্রী কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। ইফতার সামগ্রীতে রয়েছে জালি কাবাব, সাসলি, শাহি জিলাপি, পিঁয়াজু, নিমকপারা, আলু চাপ, বেগুনি, ডিম চপ, চিড়া ভাজা, নানা ধরণের মিষ্টি ইত্যাদি সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। তবে কেউ কেউ স্বল্প মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করে সকলের নজরে এসেছেন।
শহরের সাহেবপাড়ার হানিফ মোড়ে জামিল হোটেলে রোজার জন্য পিঁয়াজু, বেগুনি, আলু চপ প্রতিটি ইফতার সামগ্রী মাত্র ৩ টাকায় বিক্রি হচ্ছে। বুন্দিয়া বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। আর ৩০ টাকায় বিক্রি করছেন মুরগি বিরিয়ানি।
সৈয়দপুর শহরের কলিম মোড়ের বাবু হোটেল ও সৈয়দপুর প্রেসক্লাবের সামনে একটি হোটেলে ডিমচপ ৫ টাকা, আলু চপ, পিঁয়াজু মাত্র ৩ টাকাসহ সস্তায় ইফতার সামগ্রী মিলছে। এ হোটেলে ছেলে-জামাই ও শশুর মিলে নিজেরাই কারিগর ও বিক্রেতা। দোকানিরা জানান, সারাবছরই তো আমরা লাভ করি।
এ রমজানের মাসে একটু লাভ কম করছি। তাঁরা বলেন, এসব তৈরির কারিগর আমরা নিজেরাই তাই কম দামে বিক্রি করতে পারছি। আল্লাহর উপর তাঁর প্রচন্ড বিশ্বাস বলে জানান তিনি।
দিনমজুর সজিদ উদ্দিন, রিকশা চালক কালু জানান, রোজা রেখে সারাদিন কাজ করে এসব সস্তা হোটেলে ইফতার করে বাড়ি ফিরতে পারছি।
এটি আমাদের মতো গরিব মানুষের জন্য আশির্বাদ। এটিই হচ্ছে আমাদের মানবিক সৈয়দপুর। সারা দেশে ব্যবসায়িরা যেখানে রমজানে দাম বাড়িয়ে দেয়, সেখানে সৈয়দপুরে ইফতারির দাম অনেক কম।
শহরের জিআরপি হোটেল, নাটের দই ঘর, সিরাজ হোটেল, তাজির হোটেল, আল-সামস হোটেল, বনফুল, দিলকুশা মিষ্টান্ন ভান্ডার প্রভৃতি দোকানে মজাদার ও সুস্বাদু ইফতার সামগ্রী কম দামে বিক্রি হচ্ছে।