কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানি তোরে ভেঙ্গে যাওয়া সেতু প্রায় সাত বছরেও নির্মাণ করার উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিদিন হাজারো মানুষ অটো রিক্সা যোগে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ওই সেতু। উলিপুর সদর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে বুড়ি তিস্তার উপর নির্মিত তিস্তার পাড় বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন সেতুটি ২০১৮ সালের বন্যায় ভেঙ্গে গেলে তাৎক্ষনিক সেতুর উপর দিয়ে সব ধরণের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
ওই সময় পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী সেতুটির পশ্চিম দিকের স্লাবের নিচের ওয়াল সম্পূর্ণ ভেঙ্গে পড়া স্থানে বস্থায় বালু ও মাটি দিয়ে চলাচল স্বাভাবিক করে। এরপর দীর্ঘ প্রায় ৭ বছরেও সেতুটি পৌর কর্তৃপক্ষ পুনঃনির্মাণের কোন উদ্যোগ নেয়নি।
অবশ্য উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে ২০২৩-২৪ অর্থবছরে সেতুটির স্থলে নতুন করে নির্মাণের জন্য ৩৩ লাখ ১৭ হাজার ৯৫০ টাকার প্রাক্কলনে টেন্ডার করেছিল। টেন্ডারের পর ঠিকাদার কাজ করতে গিয়ে দেখে যে, ৩০ ফিট দৈর্ঘ্য ও ১৪ ফিট প্রস্থের নতুন সেতু নির্মাণ করা ওই স্থানে সম্ভব না। ফলে ওই নতুন সেতুর বরাদ্দ অন্যস্থানে স্থানান্তরিত করে কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান জানান, টেন্ডারের পর ব্রীজ করতে গিয়ে দেখা যায়, সেতুর দক্ষিণ পার্শ্বে বিশাল আকৃতির গর্ত।
ফলে কারিগরি কারণে ওই জায়গায় সেতুটি নির্মাণ করা সম্ভব হয়নি। নতুন করে পরবর্তীতে সেখানে সেতু করার উদ্যোগ না নেয়ার কারন জানতে চাইলে জানান, পৌর সভার মধ্যে আমাদের স্থাপনা করার কোন এখতিয়ার নেই।
এ প্রসঙ্গে উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম জানিয়েছেন, বরাদ্দ আসলেই ওখানে নতুন সেতু নির্মাণ করা হবে।