আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব” স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রোববার শহরের পায়রাচত্বরে সকাল ১০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ-এর সভাপতি এন. এম. শাহজালাল। সঞ্চালনা করেন মোঃ শাহিন আলম। বক্তব্য রাখেন মোঃ রাতুন হাসান, মোঃ আবু রাশেদ, আহমেদ হোসেন, আবু তাহের, নূর ইসরাম পাখি, নার্গিস সুলতানা প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থায় নারীদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।