ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি(৫৬) নিহত হয়েছেন।

তিনি ওই গ্রামের মুনছুর আলী মুন্সির ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। শুক্রবার দুপুরে জামায়াতের নারী কর্মীদের ইফতার মাহফিল নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে তরুসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। হামলায় কৃষকদল নেতা তরু মুন্সির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দুপুরে ঢাকায় পাঠানো হয়।

রাত ৮টার দিকে তিনি মারা যান। ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, ইতিমধ্যে পুলিশ গ্রেফতার অভিযান শুরু করেছে। এলাকায় উর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে অবস্থান করছেন। তিনি বলেন, প্রকৃত দোষি ব্যক্তিরা যাতে গ্রেফতার হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে।