সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর পেয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।

কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের মাধ্যমে পাঠানো ১৪ কার্টন খেজুর উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করেন, ইউএনও শারমিন আরা।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির’সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনায় সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে পাঠানো খেজুর বিতরণ করা হচ্ছে। নন্দীগ্রাম উপজেলার জন্য মোট ১৪ কার্টন খেজুর বরাদ্দ আসে, যা উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে।