নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন’সহ নবযোগদানকৃত মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু রোগের বিস্তার রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানির উৎস নষ্ট করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে পারেন।