নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গৌতম সরকার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে।
জানা যায়, গৌতম সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। নিঃসঙ্গ থাকায় সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তিনি নিজের ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি প্রথমদিকে কারও নজরে না আসায় তার লাশ কয়েকদিন ঘরের ভেতরেই পড়ে ছিল।
পরবর্তীতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা মহাদেবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত লশটি উদ্ধার করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।