সেতু আরিফ এর পরিচালনায় দীপ্ত টিভিতে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ একক নাটক ‘অভিমান’, প্রচারিত হবে ঈদের প্রথম দিন সন্ধ্যা ৭টায়, অভিনযে যারা আছেন: খায়রুল বাসার, তানজিন তিশা।
গল্প সংক্ষেপ: পড়াশুনার পার্ট শেষ হলেও বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়তে পাড়েনি সাব্বির। টিএসসি,ফুলার রোড,হাকিম চত্ত্বর এমনকি সোহারয়ার্দী উদ্যানজুড়ে সাব্বিরের সমসাময়িক নানা মুভমেন্ট,নানা আড্ডা আলাপের ব্যস্ততা।
এইখানে সাব্বিরের গ্রহনযোগ্যতাও অনেক। কারন সমসাময়িক যেকোনো ইস্যুতে সাব্বির খুব স্পষ্ট ও সচেতন মানুষ। সম্প্রতি সাব্বিরের সাথে সখ্যতা বেড়েছে জেবিন নামে এক তরুনীর। জেবিন সাব্বিরের পুরানো পরিচিতজন হলেও, এইবারের বিষয়টা নতুন।
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়–য়া বড়লোক বাবার একমাত্র মেয়ে জেবিন। কিছুদিন আগে প্রেম ভেঙে যাবার পর সাব্বির জেবিনকে ভাঙতে দেয়নি। নানাভাবে বুঝিয়েছে। জেবিন একটু একটু করে শক্ত হতে হতে প্রেমে পড়ে যায় সাব্বিরের। এতোই প্রেমে পড়ে যে এই প্রেম সাব্বির উপেক্ষা করতে পারে না। আবার হজমও করতে পারে না।
সাব্বির জেবিনকে বোঝায়। কোথায় জেবিন আর কোথায় সাব্বির। সাব্বির পড়ে যায় মহা বিপদে। প্রচন্ড মন খারাপ নিয়ে জেবিন ফিরে যায়।বাড়িতে ফিরে জেবিন নিজের বাবা মায়ের মুখোমুখি হয়। সাব্বির যে বলেছিলো তোমার বাবা মাকে জিজ্ঞেস কইরো সুখ আসলে কি? জেবিনের বাবা মা”র কাছে এইসব সলিড প্রশ্নের কোনো উত্তর নেই।
নিজের পরিবারের প্রতি রাগ অভিমান নিয়ে পরদিন ভোরে গোপনে জেবিন বাড়ি থেকে বের হয়ে যায়। এই পরিস্থিতিতে জেবিনের বাবা মা মেয়ের জন্য অস্থির হয়ে ওঠে। কি করবে তারা। এদিকে জেবিনকে বকা দিয়ে সাব্বিরেরও মন খারাপ। গতকাল বিকেল থেকে জেবিনের খোঁজ নেই। সাব্বির জেবিনের বাবা ফারুক সাহেবকে কথা দেয় সে জেবিনকে খুঁজে বের করবে। কিন্তু সাব্বির জেবিনকে এই শহরের কোথায় খুঁজবে ?