বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডের শেষ ওভারটি ছিল নাটকীয়তায় ভরা। রিশাদ হোসেনের শেষ ওভারে এলবিডাব্লিউর ঘটনায় ডিআরএস নেওয়ায় পাকিস্তানের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি বিরক্তি প্রকাশ করেন।
এমনকি ম্যাচ হারের পর এবার পাকিস্তান বাংলাদেশের নামে অভিযোগও দায়ের করেছে। বিতর্কিত ডিআরএসের ঘটনায় পাকিস্তান দল আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে অভিযোগ দায়ের করেছে।
শাহিন শাহ আফ্রিদিদের অভিযোগ বাংলাদেশকে নির্ধারিত ১৫ সেকেন্ডের বাইরে রিভিউ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ৫০তম ওভারে ঘটনাটি ঘিরে বিতর্ক তৈরি হয় অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে।
পাকিস্তানের তখন ২ বলে ১২ রানের প্রয়োজন, রিশাদ হোসেনের বল বড় শট খেলতে গিয়ে মিস করেন আফ্রিদি। লেগ-সাইডে স্পিন করে যাওয়া সেই বল ওয়াইড ঘোষণা করেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেছিল বাংলাদেশ।
সরাসরি ওয়াইডের রিভিউ নেওয়ার কোনো নিয়ম নেই আন্তর্জাতিক ক্রিকেটে। তবে বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করে রিভিউ নেয়, ফলে সিদ্ধান্তটি টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয়।রিপ্লেতে দেখা যায় আল্ট্রা-এজে ব্যাটের কাছাকাছি স্পাইক, যা ওয়াইডের সিদ্ধান্ত বাতিল করে।
যদিও বাংলাদেশ রিভিউ হারায়, তবুও এটিই তখন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, নিশ্চিত হয় বাংলাদেশের জয়। এই ঘটনায় ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে বাড়তি সুবিধা আদায়ের অভিযোগ এনেছে।
এই ব্যাপারে ক্রিকবাজকে এক সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, বড় পর্দায় বলের রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নেয়। এরপর ম্যাচ শেষে তারা রেফারির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, ‘পাকিস্তান মনে করছে, বাংলাদেশকে ১৫ সেকেন্ডের নির্ধারিত সময়সীমার বাইরে রিভিউ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ক্রিকবাজের সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ম্যাচ শেষে পাকিস্তানের কোচ মাইক হেসন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। যদিও পাকিস্তান এই অভিযোগ থেকে ঠিক কী প্রত্যাশা করছে তা স্পষ্ট নয়।
গতকাল বাংলাদেশের দেয়া ২৯১ রানের লক্ষ্যের জবাবে ২৭৯ রানে থামে পাকিস্তান। ১১ রানের জয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে দীর্ঘ ১১ বছর পর সিরিজ জিতেছে বাংলাদেশ।