দিনাজপুরের পার্বতীপুরে রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল মেইল রমনা কমিউটার ট্রেনের পাওয়ারকার (জেনারেটর রুম-বগি নম্বর ৭৩৫৬) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জংশন স্টেশনে এ অন্ডিকান্ডের ঘটনা ঘটে।
পার্বতীপুর-রমনা বাজার রেলপথে চলাচলকারী ৪২১/৪২২ রমনা কমিউটার ট্রেনটি পার্বতীপুর রেল স্টেশনের ২নম্বর ডক ইয়ার্ডে (মিটার গেজ) দাঁড়িয়ে ছিল। এসএস এ/ই-ইলেক দপ্তরের কর্মচারীরা ইয়ার্ডে অবস্থানকরা রমনা বাজার মেইল ট্রেনের পাওয়ারকারে ওয়েল্ডিং এর কাজ শুরু করে।
সুত্র বলছে, ওয়েল্ডিং এর কাজের আগে পাওয়ার কারে থাকা ফুয়েল ট্যাংক ছিল। ওয়েল্ডিং এর ফুলকি মেঝেতে পরলে জ্বালানি তেলের সংস্পর্শে মুহুর্তেই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
রাতেই খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায ১ ঘন্টার চেষ্টায় রাত ১ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।
ঊর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী/বিদ্যুৎ পার্বতীপুর সুত্র জানায়, ট্রেন পাসিং দপ্তরের কর্মচারীদের ওয়েল্ডিং কাজ করার সময় মেঝেতে থাকা জেনারেটরের তেলে প্রথমে আগুন ধরলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
পার্বতীপুর রেল স্টেশন মাষ্টার রেজাউল ইসলাম জানান, ফায়ার সার্ভিস, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশসহ স্থানীয় উপস্থিত লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে, ঝালাইয়ের কাজ করার সময় অসাবধনতার কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।