পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে গরীব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়। এ উপলক্ষে ৫শ জনকে এক হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া ৩শ পিস শাড়ি, ৫০টি থ্রিপিস ও ২৫টি হাজি রুমাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে গরীব ও অসহায়রা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।