কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২শত ২০ জন কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ উলিপুর এর আয়োজনে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম হলে সংবর্ধনা ও সম্বর্ধিতদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ মাহবুবুল আলম সালেহী প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এন,এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের নির্বাহী পরিচালক শামীম আখতার আমিন।
এসোসিয়েশনের রাকিব এর উপস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যত দিক নির্দেশনা দিয়ে আরও বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সভাপতি মোরসালিন আহমেদ, উলিপুর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির এডভোকেট কামাল কবির লিটন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে দেশের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর উদাত্ত্ব আহবান জানান।