গাজীপুরের কালিয়াকৈরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রস্তুতিকল্পে বিদ্যালয়ে যাওয়ার পথে দুই অবৈধ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা দুই শিক্ষার্থী। সোমবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ঢোলসমুদ্র এলাকার বিপ্লব হোসেন ওরফে বিটুর স্ত্রী মাহমুদা আক্তার বিউটি। তিনি উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টানসূত্রাপুর এলাকার টানসূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকা মাহমুদা আক্তার বিউটি দীর্ঘদিন ধরে উপজেলার লতিফপুর এলাকায় বসবাস করে টানসূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।

তিনি সোমবার সকাল ৮টার দিকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রস্তুতিকল্পে দুজন শিক্ষার্থী নিয়ে অটোরিকশা যোগে ওই বিদ্যালয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার লতিফপুর এলাকায় দুই অবৈধ অটোরিকশার মধ্যে মখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় ওই শিক্ষিকাসহ দুই শিক্ষিকা আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এলাকাবাসী।

পরে তারা গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষিকা মাহমুদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে শিক্ষিকা মাহমুদা আক্তার মারা যান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে তাদের গ্রামের বাড়ি ঢোলসমুদ্র এলাকায় নিয়ে যান পরিবারের সদস্যরা।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ এনামুল হক জানান, ওই দুর্ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে পরিবারের লোকজন তার লাশ নিয়ে যান।