বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দূর্ণীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। কিন্তু তেল সরবরাহ স্বাভাবিক আছে। আগে যে পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগতো। এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারনে মানুষ বেশী বেশী তেল সংগ্রহ করার চেষ্টা করছে।
যার ফলে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করতো এখন দুই তিন ঘন্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের যে ধারন ক্ষমতা আছে সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।
তিনি শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দূর্ণীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সারা দেশেই সেটা ধরা পড়ছে।
সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে তারা এবিষয়ে মনিটরিং করছে। মাননীয় প্রধানমন্ত্রী নবায়ন যোগ্য জ্বালানীর উপর বেশি গুরুত্ব দিয়েছেন তাই আমি এই সোলার পাওয়ার প্লান্ট দেখলাম।
তিনি আরো বলেন, সিরাজগঞ্জে অনেক জমি আছে ভবিষ্যতে এখানে সোলার প্লান্ট করার পরিকল্পনা রয়েছে। এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ,পাওয়ার প্লান্ট ও জেলা বিএনপি নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।