নীলফামারীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৪’শ ৭৮জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৮মার্চ) জেলা শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজে কাশেম ফাউন্ডেশনের (মরিয়ম চক্ষু হাসপাতাল) আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগীতা করে এমটিবি ফাউন্ডেশন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সকালে প্রধান অতিথি থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি আব্দুল মোমিন বক্তব্য দেন।

ক্যাম্পে ৪’শ ৭৮জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরমধ্যে ১৮৮জনের দৃষ্টি পরীক্ষা, ৯০জনের লেন্সসহ ছানি অপারেশন, ১৫জনের নালী অপারেশন ও ৭জনের মাংস বৃদ্ধি সংক্রান্ত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়।

এছাড়াও ১’শ ৪১জনকে বিনামুল্যে ঔষুধ ও ১’শ ৫৫জনকে চশমা বিতরণ করা হয়। মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, অসহায় ও দরিদ্র মানুষদের চক্ষু চিকিৎসা সেবায় এই উদ্যোগ চলমান থাকবে।