পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

এই সাপ্তাহের গল্প: নাহিয়ানের কাছে বিয়ের নাটক আর ইউকে যাওয়ার পর ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা শুনে রাশার সাজানো স্বপ্নগুলো ভেঙে যায়। কিন্তু রাশা দমে না গিয়ে নাহিয়ানকে নিজের ভালোবাসার কথা জানিয়ে বলে পরিবারকে ঠকিয়ে সে এই বিয়ে-বিচ্ছেদের নাটক করতে পারবে না। রাশা আর নাহিয়ানের এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মাঝেই হঠাৎ ঝড়ের মতো ফিরে আসে রাশার সেই মা, যে তাকে খুব ছোটবেলায় ফেলে চলে গিয়েছিল।

অন্যদিকে রাজীবের সাথে বিয়ের আড়ালে চাচার কুটিল ষড়যন্ত্রের কথা জানতে পেরে মেঘা যখন বন্দি মায়ের মুখোমুখি হয়, তখন মা তাকে এই সর্বনাশা বিয়ে থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। একদিকে রাশার নৈতিকতা আর অটুট ভালোবাসা, অন্যদিকে মেঘার চরম অনিশ্চয়তা আর জীবন-মরণের লড়াই— এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে নাহিয়ান এখন কার হাত ধরবে?

পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।