নওগাঁর মান্দার আত্রাই নদে গোসল করতে গিয়ে রিয়া মনি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, গত ২৯ মার্চ তারিখে রিয়া মনি বাবা-মায়ের সাথে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। বুধবার সাড়ে ১২ টার দিকে রিয়া মনি অন্য শিশুদের সাথে খালার বাড়ির পাশে আত্রাই নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রিয়া নদের পানিতে তলিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজি পর তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়া মনিকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।