যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাতে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সেন্টকম সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা একটি ছবিতে দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ সুপারক্যারিয়ারটি ভারত মহাসাগরে প্রবেশ করছে।

এই রণতরীটি অঞ্চলটিতে থাকা অন্যান্য জাহাজের সঙ্গে যোগ দেবে, নাকি কোনো একটি জাহাজের স্থলাভিষিক্ত হবে–সে বিষয়ে স্পষ্ট নয়, যদিও কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।এর আগে সেন্টকম জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লোহিত সাগরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের আওতায় সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।

অন্যদিকে, যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গোলাগুলির শব্দ শোনার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বেশ কিছু ছোট ড্রোন শনাক্ত হওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে।

এর আগে বিভিন্ন ইরানি সূত্র থেকে জানা যায়, তেহরানের বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। এই ড্রোনগুলো কারা পাঠিয়েছে বা এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি ফার্স নিউজের প্রতিবেদনে।