নীলফামারীর সৈয়দপুরে এসএ পরিবহন ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার ও ২৫ এপ্রিল দুপুরে শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১৪ বস্তা বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ জানায়, এসএ পরিবহন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওইসব মালামাল আদান-প্রদানের তথ্য পেয়ে সৈয়দপুর থানা পুলিশের এস আই রিশিকেশ এর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওইসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হলেও ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো মালিক বা দায়িত্বরত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত মালামাল জব্দ করে সৈয়দপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্হানীয়রা জানায়, শহরের চুড়ি হাটি এলাকায়, সেলিম ও আহমদ সহ বেশ ক’জন দীর্ঘদিন ধরে পটকা ও বিস্ফোরকের ব্যাবসা চালিয়ে আসছে। আটক কৃত মালামাল গুলো সেলিম নামের যুবকেরই হতে পারে। কারন সে ওইসব মালামাল বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। তাকে আটক করে সঠিক ভাবে তদন্ত করলেই সত্যতা বেড়িয়ে পরবে বলে জানান তারা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইসব আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থলে কোনো মালিককে পাওয়া যায়নি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী পরিবহন সম্পূর্ণ বেআইনি এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে বলে জানান তিনি।