নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ভ্যানে মালামাল নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরটি ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।