সকাল থেকে টানা বৃষ্টিতে নীলফামারীর সৈয়দপুর শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। পাড়া-মহল্লার বাসা বাড়িতে পানি উঠেছে। শহরের নিচু এলাকা পানিতে ডুবে থাকায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। কর্মজীবী মানুষরা কাজে যেতে পারেনি। শহরের মানুষের চলাচলও কমেছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে মেঘ কালো করে বৃষ্টি নামে। বজ্রসহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সৈয়দপুর শহরের প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। নোংরা আবর্জনা ভরা ড্রেন দিয়ে পানি নিষ্কাসন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে লোকজন কাঁদাপানি বেয়ে ও প্যান্ট উপরে তুলে চলাচল করতে দেখা গেছে।
ওই সড়কের বাসিন্দা ও ব্যবসায়ী নিজু কুমার আগওেয়ালা জানান, রোববার সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। সড়কে পানির কারণে বাসা থেকে বের হতে পারছি না। বজ্রসহ বৃষ্টিপাত হওয়ায় আতঙ্কে রয়েছি। শহরের রিকশা, অটো রিকশা, ভ্যান চলাচল করছে কম। প্রথম শ্রেণির এ পৌরসভায় প্রধান সড়কে বৃষ্টির কারণে ডুবে গেছে।
শহরের মিন্ত্রীপাড়া, বাঁশবাড়ি, মদিনা লেন, মুন্সিপাড়া, হাতিখানা সহ এলাকা পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। শুধু মাত্র ড্রেনেজ সমস্যার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান অনেকে।
স্হানীয়রা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে বর্তমান পর্যন্ত এ পৌরসভায় কোন মেয়র নাই। যারা দায়িত্ব পালন করছেন শুধু তাদের উন্নতি হলেও পৌর বাসীর কোন উন্নয়ন হয়নি।
পৌরসভার প্রকৌশলী আবদুল খালেক জানায়, শহরে পানি জট কমাতে ড্রেন, নালা-নর্দমা পরিস্কার করা হচ্ছে। কিন্ত হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।