ঝিনাইদহ বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে বিকালে দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয় উদ্বোধনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঝিনাইদহসহ দেশের ৬৪টি জেলা একযোগে এ আয়োজনের সূচনা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ ও বিপুল সংখ্যক কিশোর-কিশোরী অংশ নেয়। এ কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টÑএই ৮টি ইভেন্টে অংশ নিচ্ছে।

ঝিনাইদহ জেলায়ও উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী নিবন্ধন করেছে এবং তারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে আঞ্চলিক পর্যায়ের খেলা আগামী ১৩ থেকে ২২ মে’র মধ্যে সম্পন্ন হবে।

পরবর্তীতে জাতীয় পর্যায়ে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে, যেখানে সেরা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। বিশেষ করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-এ ভর্তির সুযোগ সৃষ্টি হবে নির্বাচিতদের জন্য। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।