কুমিল্লাতে ট্রাক উল্টে নিহত দিনাজপুর জেলার বিরামপুরে ৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তার চেক প্রদান করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা বিএনপি কার্যালয়ে চার নিহতের পরিবারের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তার চারটি চেক হস্তান্তর করেন।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মিঞা শিরণ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ট্রাকের উপর উঠে বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামের সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪) ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়ার পথে ১৪ এপ্রিল ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে অন্যান্য নিহতদের সাথে বিরামপুর উপজেলার ঐ ৪ শ্রমিকও নিহত হন। ঘটনার পরেই সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন চার পরিবারের সাথে সাক্ষাত ও সহায়তা প্রদান করেছেন।