যুক্তরাজ্যের ইলিং কাউন্সিল নির্বাচনে সাউথহল-এর ‘ডরমার্স ওয়েলস’ ওয়ার্ড থেকে লড়ছেন কুমিল্লার হোমনা উপজেলার সন্তান মো. মাইন উদ্দিন।
ঐতিহ্যবাহী কনজারভেটিভ পার্টির মনোনীত প্রার্থী হিসেবে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাইন উদ্দিন হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামের হাজী আলী আকবর মেম্বারের সন্তান।
২০১২ সাল থেকে যুক্তরাজ্য প্রবাসী মাইন উদ্দিন বর্তমানে ‘কুমিল্লা ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডন’-এর সাধারণ সম্পাদক এবং স্থানীয় কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিলেতের মূলধারার রাজনীতিতে সক্রিয় এই নেতা নির্বাচিত হলে নাগরিক সেবায় আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন।
তার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:
এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও অবৈধ ময়লা ফেলা বন্ধ করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, প্রথম গাড়ির পার্কিং পারমিট বিনামূল্যে প্রদান, জনগণের মতামতের ভিত্তিতে বড় সিদ্ধান্ত গ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা।
আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তার প্রধান লড়াই হবে লেবার ও গ্রিন পার্টির প্রার্থীদের সঙ্গে। লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইলিং কাউন্সিলে মাইন উদ্দিনের এই লড়াই ব্রিটিশ রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এই নির্বাচনে মাইন উদ্দিনের জয় নিয়ে আশাবাদী স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।