মাগুরায় সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সংঘাত-সংঘর্ষের প্রেক্ষাপটে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভা থেকে কঠোর অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে।

সভা থেকে জানানো হয়, জেলায় কোনো ধরনের সহিংসতা আর সহ্য করা হবে না এবং অপরাধে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩ মনে বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। সভায় সভাপতিত্ব করেন- পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)। উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ানসহ জেলার চার থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সামাজিক সমপ্রীতি নষ্ট করে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রভাব, পরিচয় বা আধিপত্য এখানে কাজ করবে না। অপরাধ করলে আইনের মুখোমুখি হতেই হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মনোয়ার হোসেন খান বলেন, মাগুরাকে অস্থির করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। স্থানীয় পর্যায়ে বিরোধ থাকলে তা আইনের মাধ্যমে সমাধান করতে হবে। সংঘাতে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কঠোর হবার জন্য সংশ্রিষ্ট কর্মকর্তাদের আহবান জানান।