যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে।
এর আগে, মার্কিন প্রস্তাব পর্যালোচনা করে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। তেহরানের দেওয়া জবাবে- সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি কীভাবে বা কখন পুনরায় খুলে দেয়া হতে পারে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়া হয়নি।
এদিকে, হরমুজ প্রণালিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা সংকটকে আরও গভীর করবে বলে ইরানকে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী।