সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে ১৫ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে উন্নয়ন কাজ। এতে ওই সড়ক দিয়ে যান চলাচলের সময় দুর্ঘটনা ঘটার আশংকা শতভাগ। এ অবস্থায় বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত সরিয়ে ফেলে সড়ক নির্মাণের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

পৌর পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। এই বাজেটে শহরের তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় ও মদিনা মোড় থেকে বসুনিয়া মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান। কাজটি করছেন রংপুরের সাম্মি বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটি ছিল দীর্ঘদিন খানাখন্দে ভরা।

রাস্তাটির দুই পাশে ছিল বৈদ্যুতিক খুঁটি। স্হানীয়দের দীর্ঘদিনের দাবী ছিল সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়ক সংস্কার করা। ওই দাবীর মুখে সড়কটির সংস্কার কাজ চললেও সড়কের খুটি গুলো সরানো হয়নি। তবে সড়কটির সংস্কার সম্পন্ন করার আগেই খুঁটি সরানো হবে বলে জানিয়েছেন পৌর পরিষদ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, ৭ কিলোমিটার সড়কের মধ্যে তামান্না মোড় থেকে শিল্প সাহিত্য সংসদ সড়কের আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কের নির্মাণ কাজ চলমান। এই টুকু সড়কের মাঝেই রয়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটি। বৈদ্যুতিক খুঁটি থাকায় সড়কের ওই অংশ দিয়ে পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা খুঁটিগুলো সরিয়ে নেওয়ার দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না।

শিল্প সাহিত্য সংসদ সংলগ্ন ব্যবসায়ি মোসলেম উদ্দিন বলেন, সড়কের মাঝে একাধিক খুঁটি রেখেই নির্মাণকাজ চলছে। বারবার বলার পরও খুঁটিগুলো সরানো হচ্ছে না। এভাবে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখে সড়কের নির্মাণ কাজ শেষ করলে জনসাধারণের ভোগান্তির শেষ থাকবে না।

অপর আর এক ব্যবসায়ি সিরাজুল ইসলাম বলেন, সড়ক থেকে বিদ্যুতের খুডি (খুঁটি) না সরিয়ে কিভাবে কাজ করে বুঝতে পারছি না। তবে এতটুকু বুঝতে পারছি, যেহেতু পৌরসভা কোন মেয়র নেই, সেহেতু এই পৌরসভায় এখন অনেকেই মেয়র।

একারনে, এই পৌরসভায় এক টিউবওয়েল মিস্ত্রি ৫ আগষ্টের পর হয়েছে কয়েক কোটি টাকার মালিক, রয়েছে গাড়ী বাড়ি ব্যাংক ব্যালেন্স। সড়ক থেকে খুঁটি সরাতে কোন না কোন অজুহাত দেখিয় বাজেট দিয়ে ওই অর্থ পকেটস্থ হতে পারে। পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ফেকু মিয়া জানান, সড়কের মাঝ অংশে বেশকিছু নেসকোর বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ চলছে। পৌর পরিষদ এর নির্বাহী প্রকৌশলীর উচিত নেসকো কর্তৃপক্ষকে বলে দ্রুত খুঁটি সরিয়ে জনদুর্ভোগ কমানো।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নেসকো কর্তৃপক্ষকে খুঁটি সরানোর জন্য বলা হয়েছে। আশা করছি আগামী ১৫/২০ দিনের মধ্যেই সড়কের মাঝ খানের খুটি গুলি সরিয়ে ফেলা হবে।

এবিষয়ে সৈয়দপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর ব্যপারে পৌরসভার কেউই আবেদন করেন নি। আবেদন করলে জনগনের সুবিধার্থে অবশ্যই সড়কের মাঝ খানের খুটি সরানো হবে বলে জানান তিনি।