ঢাকার সড়কে ট্রাফিক আইন অমান্য করায় এআই ক্যামেরার সহায়তায় গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, পুরো ব্যবস্থা চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি ডিজিটাল মামলা হবে।

ট্রাফিক আইন অমান্য করায় এআই ক্যামেরার সহায়তায় গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে তিনশোর অধিক মামলা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে।’ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ঢাকা মহানগরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে, সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবে। এটি শাস্তি নয়, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে বসানো এসব এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে মামলা তৈরি করছে।