মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অসম, জাতীয় স্বার্থবিরোধী ও অধীনতামূলক ‘গোলামী’র চুক্তি বাতিলের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্রাজ্যবাদী ও যুদ্ধবিরোধী জোট, ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে সোমবার বিকাল সাড়ে ৫টায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম নেতা নিহাল আহমেদ সোহেল। বক্তব্য রাখেন অধ্যাপক স্বপন কুমার বাগচী-বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি, এ্যাড. আসাদুল ইসলাম- জেলা সমন্বয়ক, বাসদ, ছাত্রনেতা শারমিন সুলতানা প্রমুখ।

বক্তাগণ বলেন, জাতীয় স্বার্থবিরোধী ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণœ করে এমন কোনো চুক্তি দেশের জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অসম ও অধীনতামূলক চুক্তি বাতিলের দাবি জানান। পাশাপাশি সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধনীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।