খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র বর্তমান প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু কাছে নগরবাসীর জোর দাবি ও অনুরোধ কেসিসির সীমানা পশ্চিম দিকে সিটি বাইপাস রোড হয়ে ফুলতলা পর্যন্ত একবারে সম্প্রসারণ করা হোক।

খুলনা শহরের জনসংখ্যা ও নগরায়ন অনেক আগেই বেড়েছে। শহরের পরিধি বাড়লেও কেসিসির সীমানা সম্প্রসারণের বিষয়টি বছরের পর বছর আলোচনায় থেকেও নানা জটিলতায় বাস্তবায়ন হয়নি। অথচ এর কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ সড়কের একাংশ কেসিসির অধীনে থাকলেও অন্য অংশ স্থানীয় সরকার বিভাগ (LGRD)-এর অধীনে। যেমন সোনাডাঙা বাইপাস রোড, পুরাতন সাতক্ষীরা রোড, বাস্তহারা লিংক রোড, জলিল সারনি, কুয়েট রোডসহ আরও কয়েকটি সড়কে এই জটিলতা দেখা যায়।

ফলে কেসিসি যখন রাস্তার একাংশ উন্নয়ন করে, তখন বাকি অংশ আগের মতোই পড়ে থাকে। আবার LGRD তাদের অংশের কাজ করলেও কেসিসির অংশ অনুন্নত থেকে যায়। এতে জনগণ কখনোই পূর্ণ সুফল পায় না।

যদি এসব এলাকা ও সড়ক সম্পূর্ণভাবে কেসিসির আওতায় আনা হয়, তাহলে পুরো সড়ক একসাথে উন্নয়ন করা সম্ভব হবে। রাস্তার পুরো অংশজুড়ে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি ও আধুনিক নগর সুবিধা নিশ্চিত করা যাবে। এতে নগর পরিকল্পনাও হবে সমন্বিত ও কার্যকর।

অন্যদিকে, ফুলতলা দীর্ঘদিন ধরেই পৌরসভা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের একেবারে পাশেই অবস্থান হওয়ায় সেটি বাস্তবায়ন হয়নি। খান জাহান আলী থানা ইতোমধ্যেই কেসিসির অধীনে এসেছে। তাই কেসিসির সীমানা মাত্র কয়েক কিলোমিটার সম্প্রসারণ করলেই ফুলতলাকেও নগর সেবার আওতায় আনা সম্ভব।

প্রায় এক দশক ধরে খুলনার সাবেক মেয়র কেসিসির আয়তন দ্বিগুণ করার কথা বললেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেননি। নগরবাসীর প্রত্যাশা, বর্তমান প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু স্যার এই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

বর্তমানে কেসিসির পাশ্ববর্তী এলাকাগুলোতে জনসংখ্যার চাপ অনেক বেড়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারদের পক্ষে এখন এসব এলাকায় আধুনিক নগর সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাই সময়ের দাবি হিসেবে এসব এলাকাকে কেসিসির আওতায় এনে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

নগরবাসীর বিশ্বাস, কেসিসির সীমানা সম্প্রসারণ হলে খুলনা আরও আধুনিক, সমন্বিত ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে উঠবে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র বর্তমান প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু স্যারের কাছে নগরবাসীর জোর দাবি ও অনুরোধ কেসিসির সীমানা পশ্চিম দিকে সিটি বাইপাস রোড হয়ে ফুলতলা পর্যন্ত একবারে সম্প্রসারণ করা হোক।